প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস। মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেভিড জোলিকে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হতে যাচ্ছেন ডোনাল্ডস।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নির্বাচনে বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৫০ দশমিক ০২ শতাংশ ভোট। অন্যদিকে জোলি পেয়েছেন ৪৮ দশমিক ৭১ শতাংশ ভোট।
বিজয়ী ভাষণে বায়রন ডোনাল্ডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ফ্লোরিডা জানিয়ে দিচ্ছে, আমরা এখনো রিপাবলিকানদের পক্ষেই আছি।’ নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ফ্লোরিডার বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হবেন বায়রন ডোনাল্ডস। ডিস্যান্টিসের নেতৃত্বে অঙ্গরাজ্যটি গত কয়েক বছরে আরও রক্ষণশীল রাজনৈতিক অবস্থানের দিকে এগিয়েছে।
নির্বাচনে বায়রন ডোনাল্ডসের জয়কে রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় দেশজুড়ে রিপাবলিকানদের নির্বাচনী অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নিজ রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় বায়রন ডোনাল্ডসের জয় দলটির অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, ডেভিড জোলি একসময় রিপাবলিকান দলের আইনপ্রণেতা ছিলেন। পরে দল পরিবর্তন করে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন এবং মধ্যপন্থি অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী প্রচারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ির বিমার খরচ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে ঘূর্ণিঝড়প্রবণ ফ্লোরিডায় বাড়ির বিমার উচ্চ ব্যয় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
উল্লেখ্য, ২০১৮ সালে অল্প ব্যবধানে জয়ের পর ২০২২ সালের নির্বাচনে রন ডিস্যান্টিস প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। গত তিন দশকের বেশি সময় ধরে ফ্লোরিডায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। এবারও রিপাবলিকানদের প্রায় ১৫ লাখ ভোটারের নিবন্ধনগত ব্যবধান এবং ডোনাল্ডসের প্রচার তহবিলে এগিয়ে থাকা তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: পিবিএস, সিএনএন