প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০৪ AM

তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পমালিকসহ অন্তত ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির একটি সূত্র। তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি এবং দলটির সরকারের সময় সুবিধাভোগী কয়েকজনও রয়েছেন।
সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। এ ছাড়া পোশাকশিল্পের কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় এসএম মান্নান কচি, শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকর্মীর নামও রয়েছে।
রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাংকগুলোকে ই-মেইলে হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এক অনুষ্ঠানে ৩৪ ব্যক্তি ও ৩৪টি পরিবারের ব্যাংক হিসাব জব্দের কথা জানিয়েছিলেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি পোশাক খাতের অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কয়েকজন শিল্পমালিকের ইন্ধন থাকার অভিযোগ করেন। এসব অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি