প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। স্বর্ণালংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের নতুন দাম
ক্যারেট প্রতি ভরি দাম
২২ ক্যারেট ২,২৪,১৮২ টাকা
২১ ক্যারেট ২,১৪,০৯২ টাকা
১৮ ক্যারেট ১,৮৩,৮৮২ টাকা
সনাতন ১,৫০,২৩২ টাকা
স্বদেশ প্রতিদিন/এস পি