প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ AM আপডেট: ০২.১১.২০২৬ ১১:২৪ এএম

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল সংগঠনটি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে সংগঠনটি। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি