প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৪২ AM

বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর ও অতিরিক্ত শুল্ক কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধা নিরসনে তুর্কি বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে বর্তমানে তুর্কিয়ে সফর করছেন বাণিজ্যমন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি