প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:২৫ পিএম

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। সংঘাতের কারণে গত আট মাসে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্জ বলেন, যুদ্ধের অবসান ঘটাতে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় ও জোরদার করছে। তিনি বলেন, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই সংঘাতের কারণে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে।’ দ্রুত সংঘাতের অবসান ঘটানো ইউরোপের অর্থনৈতিক স্বার্থেরও বিষয় বলে উল্লেখ করেন তিনি।
যুদ্ধ বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘এই সংঘাত সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়।’ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইউরোপের জ্বালানি বাজার ও অর্থনীতিতে পড়ছে। জ্বালানির বাড়তি দাম ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি