প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের বীজ ছিল না। তারা স্বৈরতান্ত্রিক একটি মাফিয়া শক্তি ছিল।’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এক হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন বলে জাতিসংঘের হিসাবের উল্লেখ করেন তিনি। সরকারের হিসাবে এ সংখ্যা দুই হাজারের বেশি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর কাজ চলছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমা হামলা কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। প্রাথমিক তদন্তের অগ্রগতি ও তথ্য পাওয়ার পর এ বিষয়ে কথা বলা যাবে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে দাবি করে তিনি জানান, দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্য পেয়েছেন। নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি বলেন, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি