প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিরোধী দলের তোলা অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়েও অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ভোটের পরিবেশ নষ্ট হয়েছে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব।
তদারকি শেষে সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল নির্বাচন ভবন থেকে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিও চলছে।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করতে হবে।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ভোটের লড়াইকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ