প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের মিন্নাত উল্লাহ ব্যাপারী বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফায়েল আহমেদ ওই গ্রামের বাসিন্দা। স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
নিহতের ছেলে রাসেল আহমেদ বলেন, বুধবার বিকেল থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের সুপারি বাগানে গিয়ে একটি আমগাছে তাঁর বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের ফুপাতো বোন মারুফা খাতুন জানান, গত দুই বছর ধরে তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় খাবার দিতেন। টয়লেটে যাওয়া ও মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তিনি তেমন চলাফেরা করতেন না। এমনকি কারও সঙ্গে কথাবার্তাও বলতেন না।
স্থানীয় বাসিন্দা দুলাল বলেন, বুধবার আসরের নামাজের পর তোফায়েল আহমেদকে একটি দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাঁকে তুলে দেন। পরে তিনি সেখান থেকে চলে যান। এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি।
স্থানীয়দের দাবি, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ