প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ঢাকায় বসেও পুরো নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে এ এম এম নাসিরুদ্দিন বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে সংঘাত ও নেতিবাচক সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে কমিশন কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি