প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহের ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করা যাবে না। সবকিছু জেনে তারপর মন্তব্য করা হবে।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ আজকের পর্যায়ে উন্নীত হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে।
খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির গাজীপুরের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ