প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফয়সল আমীন অভিযোগ করে বলেন, ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছেন। জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে ঢুকে গেছেন।
এর আগে ভোট দেওয়ার পর বিএনপির এই প্রার্থী বলেন, ভোট কেবল শুরু হয়েছে। তিনি নিজে ভোট দিয়েছেন এবং বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ।’
মির্জা ফয়সল আমীন আরও বলেন, তিনি বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তাঁর মতে, নির্বাচন নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি কোনো শঙ্কা দেখছেন না। সব ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন বিএনপির এই প্রার্থী।
ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ