প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৮:১৬ PM

‘জাগো নব সৃষ্টির মহানন্দে’—কবি কাজী নজরুল ইসলামের এই আহ্বানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উৎসব। চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে সপ্তাহজুড়ে নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য নাম। বাংলা সাহিত্যে তাঁর অবদান অসামান্য। বাংলাদেশ সরকার এ বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। পরে তিনি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সী আবু সাঈফ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাসাসের চুয়াডাঙ্গা জেলা শাখা ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাম্য ও মানবতার চেতনা এবং সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ