| শিরোনাম: |

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রেণিভেদ দূর করে সমগ্র মানবজাতির কল্যাণের কথা বলে গেছেন গৌতম বুদ্ধ। তাঁর কর্ম ও আদর্শ অনুসরণ করলে তা গোটা মানবজাতির কল্যাণে আসবে।
রোববার রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গৌতম বুদ্ধের সরল পথ ও মানবিক আদর্শ অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং তা সর্বজনীন। তাঁর শিক্ষা সব ধর্মের মানুষকে সঠিক পথে চলার প্রেরণা দেয়। সমাজ ও মানবতার কল্যাণে গৌতম বুদ্ধের অবদান সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধির অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি বছরের বিভিন্ন সময়ে করা ভুলত্রুটি স্বীকার করে সহকর্মীদের কাছে তা প্রকাশ করেন, তাহলে তাঁদের মধ্যে নতুন করে অন্যায় করার প্রবণতা কমে আসবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ