প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও অনেকেই বারবার প্রাক্তনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘুরে দেখেন। কখনো কৌতূহল, কখনো পুরোনো স্মৃতি, আবার কখনো প্রাক্তন নতুন জীবনে কতটা এগিয়ে গেছেন, তা জানার আগ্রহ থেকে তৈরি হয় এই প্রবণতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বেঙ্গালুরুর মার্গ মাইন্ড কেয়ারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুহাস কে এ অভ্যাসের কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ তুলে ধরেছেন।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনের উপস্থিতি সহজেই চোখে পড়ায় পুরোনো স্মৃতি ও আবেগ আবার জেগে উঠতে পারে। পাশাপাশি প্রাক্তনের সুখ, সাফল্য বা নতুন সম্পর্কের সঙ্গে নিজের জীবনের তুলনা করা, বিচ্ছেদের পর মানসিক সমাপ্তি খোঁজা এবং নতুন কিছু জানার সুযোগ হারানোর ভয়ও এ প্রবণতার পেছনে কাজ করতে পারে। একাকীত্ব, একঘেয়েমি কিংবা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাসও কাউকে বারবার প্রাক্তনের প্রোফাইলে ফিরিয়ে নিতে পারে।
এ অভ্যাস কমাতে প্রথমে কোন পরিস্থিতিতে প্রাক্তনের প্রোফাইল দেখার ইচ্ছা জাগে, তা শনাক্ত করা জরুরি। প্রয়োজনে অ্যাকাউন্ট মিউট বা আনফলো করা, প্রোফাইল দেখার তাগিদ এলে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করা এবং বিকল্প কাজে মনোযোগ দেওয়া যেতে পারে। একই সঙ্গে মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা জীবন বাস্তবতার সম্পূর্ণ চিত্র নয়। প্রাক্তনের প্রোফাইল দেখার পর নিয়মিত দুশ্চিন্তা, হতাশা বা ঘুমের সমস্যা হলে এবং দৈনন্দিন জীবন ব্যাহত হলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নেওয়া যেতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি