প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:২৯ পিএম

মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ছবিটির প্রথম দিনের প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত ৫ নভেম্বরের জন্য বুকিংয়ে টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে সংরক্ষিত আসন বাদ দিলে সাধারণ দর্শকের কাছে বিক্রি হওয়া টিকিটের মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। সব মিলিয়ে অগ্রিম আয় ১০ কোটি টাকা ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনে সিনেমাটির ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। বুকিংয়ের চিত্র অনুযায়ী, প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রয়েছে দিল্লি। চাহিদা বাড়ায় মুম্বাইয়ে ৫, ৬ ও ৭ নভেম্বরের কিছু শোর রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ টাকা পর্যন্ত উঠেছে। তবে সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলক নাগালের মধ্যে রাখা হয়েছে।
মহাকাব্যিক কাহিনিনির্ভর ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। আরও রয়েছেন রবি দুবে, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও অরুণ গোভিল। সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৫ মিনিট।
স্বদেশ প্রতিদিন/এস পি