প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৩:৫৪ PM

দেশে কিংবা বিদেশে ভ্রমণের আনন্দ অনেকটাই নির্ভর করে থাকার জায়গা নির্বাচনের ওপর। কম ভাড়ার আশায় শহরের কেন্দ্র থেকে দূরে হোটেল বুক করলে যাতায়াত খরচ, যানজট ও শারীরিক ক্লান্তি বেড়ে যেতে পারে। অন্যদিকে দর্শনীয় স্থান বা শহরের কেন্দ্রের কাছাকাছি থাকলে ঘোরাঘুরি, কেনাকাটা ও খাওয়াদাওয়ার পাশাপাশি সহজে হোটেলে ফিরে বিশ্রাম নেওয়া যায়।
হোটেল বুকিংয়ের আগে শুধু কক্ষের ভাড়া নয়, যাতায়াতের সম্ভাব্য খরচও হিসাব করা জরুরি। দূরবর্তী হোটেল থেকে প্রতিদিন মূল শহরে যাতায়াতের জন্য বাস বা ক্যাব ভাড়া দিতে গিয়ে মোট খরচ বেড়ে যেতে পারে। এ ছাড়া গুগল ম্যাপে দূরত্ব কম দেখালেও যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগতে পারে। তাই বুকিংয়ের আগে স্থানীয় যানজট, গণপরিবহনের সুবিধা এবং যাতায়াতের সম্ভাব্য সময় যাচাই করা ভালো।
হোটেল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যও বিবেচনায় রাখা প্রয়োজন। ব্যবসায়িক সফর বা সম্মেলনে অংশ নিতে গেলে নির্ধারিত স্থানটির কাছাকাছি থাকা সুবিধাজনক। আর অবকাশযাপনের ক্ষেত্রে দর্শনীয় স্থান, রেস্তোরাঁ, বাজার ও সহজ যাতায়াতের সুযোগ আছে—এমন জায়গা বেছে নেওয়া ভালো। সব মিলিয়ে, শুধু কম ভাড়ার দিকে না তাকিয়ে অবস্থান ও যাতায়াতের সুবিধা বিবেচনা করলেই ভ্রমণে সময়, অর্থ ও শারীরিক পরিশ্রম বাঁচানো সম্ভব।
স্বদেশ প্রতিদিন/এস পি