প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম

মুসলিম হয়েও হিন্দু ধর্মীয় উৎসবে অংশ নেওয়া, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এবার সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেছেন, উৎসব সবার। অন্য ধর্মের উৎসবে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে অংশ নিলে কাউকে জবাবদিহি করতে হবে কেন?
দুর্গাপূজার বিজয়া দশমীতে লাল পাড়ের সাদা শাড়ি পরে উমাবরণে অংশ নেন নুসরত। তাঁর হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অনেকে তাঁকে তাঁর ধর্মীয় পরিচয় মনে করিয়ে দিলেও তিনি সাধারণত এসব কথার জবাব দেন না। তাঁর মতে, অন্য ধর্মের মানুষ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে কোনো ধর্মীয় আচার পালন করলে সেটি নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এটি ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ করে করা মন্তব্যের সমালোচনা করে নুসরত বলেন, নিজের ধর্ম সম্পর্কে সব জানেন বলে যারা মনে করেন, অন্যের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মন্তব্য করার আগে তাঁদের ভাবা উচিত। প্রত্যেককে নিজের বিশ্বাস নিজের কাছে রেখে নিজের মতো ভালো থাকার পরামর্শ দেন তিনি। দুর্গাপূজার পাশাপাশি নুসরতের বাড়িতে জন্মাষ্টমী, শিবরাত্রি ও দীপাবলির মতো উৎসবও পালন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি