প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:২২ AM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গোডাউনে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের যৌথ অভিযানে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পরে গোডাউনটি সিলগালা করা হয় এবং ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের ভাষ্য, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/এস পি