প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সন্দেহভাজন বিদেশি প্রভাব বিস্তারকারী নেটওয়ার্কের ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনা প্রভাবিত করার অভিযোগে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক পোস্টে এ তথ্য জানায় এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম। প্রতিষ্ঠানটির দাবি, নেটওয়ার্কগুলো ভুয়া পরিচয়ের অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে বিভিন্ন পোস্ট প্রকাশ ও সেগুলোর প্রচার বাড়ানোর চেষ্টা করছিল। এসব কার্যক্রমে রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন পক্ষের প্রার্থী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এক্স জানিয়েছে, সক্রিয় নজরদারি ও তদন্তের মাধ্যমে স্প্যাম এবং সমন্বিত ভুয়া কার্যক্রম শনাক্ত করে অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়েছে। তবে কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্কের কতটি অ্যাকাউন্ট ছিল, তা আলাদাভাবে জানায়নি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এসব কার্যক্রমের বিস্তারিত প্রমাণও প্রকাশ করেনি।
২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এক্সের নিরাপত্তাব্যবস্থা তুলে ধরার সময় এ পদক্ষেপের কথা জানানো হয়। নির্বাচনের আগে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো, রাজনৈতিক আলোচনায় কৃত্রিমভাবে প্রভাব তৈরি এবং ভোটারদের বিভ্রান্ত করার আশঙ্কা নিয়ে বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম সতর্কতা জোরদার করছে। এক্সের ভাষ্য অনুযায়ী, সমন্বিত ও ভুয়া কার্যক্রম প্ল্যাটফর্মের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে। তাই এ ধরনের নেটওয়ার্ক শনাক্ত ও বন্ধ করতে নজরদারি অব্যাহত রয়েছে। এর আগেও বিদেশি প্রভাব বিস্তারের অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালে তৎকালীন টুইটার ইরান থেকে পরিচালিত বলে সন্দেহ করা ২৩৮টি অ্যাকাউন্ট স্থগিত করার কথা জানিয়েছিল। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় নিয়ে অনলাইনে কৃত্রিম প্রচার চালানোর অভিযোগে একটি নেটওয়ার্কের ১০৪টি অ্যাকাউন্ট বন্ধের তথ্য প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।
স্বদেশ প্রতিদিন/এস পি