প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম

মেমোরি চিপের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে বড় ধস নেমেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বে স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে সরবরাহের এ পরিমাণ ২০১২ সালের পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় ডিআরএএম ও ন্যান্ড মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এআই খাতে চিপের ব্যবহার বাড়ায় স্মার্টফোন নির্মাতাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি চিপের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে অনেক নির্মাতা ফোনের দাম বাড়ানো, উৎপাদন কমানো এবং বেশি মুনাফার মডেলের দিকে ঝুঁকছেন। কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্মার্টফোনের খুচরা দামও প্রায় ২০ শতাংশ বেড়েছে।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন কম বাজেটের ক্রেতারা। উৎপাদন ব্যয় বাড়তে থাকলে স্বল্পমূল্যের স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে, আবার বাজারে এসব ফোনের বিকল্পও কমে যেতে পারে। ফলে নতুন ফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন অনেক ক্রেতা। কাউন্টারপয়েন্টের পূর্বাভাস অনুযায়ী, মেমোরি চিপের সংকট ও বাড়তি ব্যয়ের কারণে চলতি বছরের বাকি সময়েও স্মার্টফোন বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি