প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:১৮ AM

সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত একটি তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে ফিলিপাইন ও নেপালের একজন করে নাগরিক নিহত হন। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
এর আগে গত মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হন।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় সেখানে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।
হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইয়েমেনের এই সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে।
এদিকে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের একাধিক হামলার পর গত ১০ অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছিল। বুধবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস বিমানবন্দরটি থেকে ফ্লাইট পরিচালনা করছে। তবে লুফথানসা ও এয়ার ফ্রান্সসহ কয়েকটি বড় এয়ারলাইনস নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ