প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম

ফ্যাসিবাদীরা দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। গুম, মামলা-হামলা, জেল—এসব স্টিমরোলার তারা প্রতিনিয়ত আমাদের ওপর চালিয়ে গেছে। এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ। যদিও আজ দেশের বাইরে বসে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা খুব সজাগ ও সতর্ক আছি। গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।
এ সময় বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ