
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫-২০
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ট্রাকচালক ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত এবং ১৫-২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে ও মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারমাইল নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)। তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন খর্ণিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ।
স্থানীয় সূত্র, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারমাইল নামক স্থানে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক সাতক্ষীরায় সিমেন্ট নামিয়ে খুলনায় ফিরছিল। অপরদিকে, খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার পথে আঠারমাইল নামক স্থানে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে এবং বাসটি রাস্তার পাশের খাদের পানিতে ছিটকে পড়ে।
সংঘর্ষে ট্রাকচালক জিন্নাত মিয়া এবং বাসের যাত্রীরা আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক জিন্নাত মিয়াকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমিয়া আক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয়দের দাবি, বাসটি যাত্রীতে পূর্ণ ছিল। এতে বাসের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী সাতক্ষীরার তালা ও সাতক্ষীরা হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেন, আমরা বাসের কোনো আহত যাত্রী পাইনি। তবে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বাসের নিচে কোনো যাত্রী থাকলেও থাকতে পারে। বাসটি উদ্ধারের পর এ ব্যাপারে বলতে পারব।
অপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে প্রায় একই স্থানে ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫) ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রউফ গাজী ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের একজন মাছের আড়তদার। মঙ্গলবার তাঁর আড়তে মাছ বিক্রি করতে আসা পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকজন মাছচাষির বকেয়া টাকা পৌঁছে দিতে রাত ৮টার দিকে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুকনগর বাজারে যান। টাকা পরিশোধ করে রাত দেড়টার দিকে বাড়ি ফেরার সময় আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ১৫ ফুট দূরে গিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ ও ইউনুস সরদার মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ