প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম

‘শিক্ষকদের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পঞ্চগড় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) হলরুমে ফেসবুক গ্রুপ ‘শিক্ষকের কলাম’-এর আয়োজনে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে দেশের আটটি বিভাগের ৩১টি জেলার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মূলত শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক বোঝাপড়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষা প্রদানে ভূমিকা রাখতেই এই মিলনমেলার আয়োজন বলে জানান শিক্ষকরা।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপের কর্ণধার নওগাঁ জেলার শিক্ষক শরিফুল ইসলাম, পঞ্চগড় পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. লুৎফুল হায়দার আল মাসুম, শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকের এই গ্রুপটিতে ৩ শতাধিক সদস্য রয়েছেন। করোনাকালে এই গ্রুপের মাধ্যমে আমাদের মিলনবন্ধন তৈরি হয়। কারণ, এই গ্রুপে কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। সারা বাংলাদেশের শিক্ষকদের মিলন হয়েছে এই গ্রুপে। আমরা শিক্ষকরা সময়মতো ক্লাসসহ নানা বিষয়ে ব্যস্ত থাকি। তারপরও এই গ্রুপ আমাদের মতামত তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।
বিভিন্ন জেলার আইসিটি শিক্ষকরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষাব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাল মেলাতে এবং শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সহায়ক ভূমিকা পালন করছে। যদিও এর কিছু নেতিবাচক দিক রয়েছে, তবে আমাদের জানতে হবে কীভাবে এআই ব্যবহার করে পাঠদান করা যায়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এটি দেশের শিক্ষকদের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এরকম বড় একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি আনন্দিত। ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপের মাধ্যমে শিক্ষকরা দেশের জন্য কাজ করতে সহায়ক ভূমিকা রাখতে পারবেন। তিনি এই গ্রুপের সকল কার্যক্রমকে স্বাগত জানান এবং ‘শিক্ষকের কলাম’ গ্রুপের সর্বাঙ্গীণ উন্নতি ও সফলতা কামনা করেন।
মিলনমেলার শুরুতে সকল শিক্ষক সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিকেলে পিটিআইতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তির আসর বসে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ