প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ৭:৫৮ PM

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১২ মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি।
বুধবার (২১ অক্টোবর) সকালে নাটোর-পাবনা মহাসড়কের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সাত সদস্য।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক বিভাগের প্রতিনিধি রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হামিদ, বিআরটিএ নাটোরের সহকারী পরিচালক উত্তম কুমার শর্মা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বপন চন্দ্র হোড় এবং বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনাকবলিত আরপি নাইস পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ না থাকার তথ্য পাওয়া গেছে। নাটোর বিআরটিএ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৫ নম্বরের বাসটির ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের ১৩ মে শেষ হয়।
এদিকে দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন, চালকের আসনে চালক নাকি তাঁর সহকারী ছিলেন, ওভারটেকিং কিংবা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ ছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত বলেন, দুর্ঘটনার পেছনে কী কী কারণ রয়েছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ