প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০০ পিএম

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইটে গিয়ে দেশটির বিমান বাহিনীর একটি মিরেজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন এবং বিমানের নেভিগেটর নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ন্যান্সি জেলার উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-আয়ে ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে পাইলটের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীদের মোতায়েন করা হয়েছে। ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক মেয়র।
দুর্ঘটনার পর রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি