প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ AM

সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু অংশে এ সতর্কতা জারি করা হয়।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ধুলিঝড় সৃষ্টি করতে পারে। ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়েছে। এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
অন্যদিকে, সৌদির বিভিন্ন শহরে উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলগুলোতে তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি