প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (১৮ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল। একই সময়ে রিয়াদ ও পূর্বাঞ্চলে তিনটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট।
এর আগে রোববার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ, আবহা ও খামিস মুশাইতের বাসিন্দাদের মুঠোফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। বার্তায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং ঘরের ভেতরে বা জানালা-দরজা থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়। কয়েক মিনিট পর সতর্কবার্তাটি প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হতাহতের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ধামার প্রদেশে হামলায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুতিরা; তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
স্বদেশ প্রতিদিন/এস পি