প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১১ AM

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবারের বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে দেশজুড়ে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। আহত ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তাকর্মীর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় দেড় হাজার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি।
রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ আমরা ক্ষুব্ধ, লজ্জিত। যে অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত সহিংসতা চলছে, তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’ আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে শহর, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও মেয়রদের সমন্বয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
স্বদেশ প্রতিদিন/এস পি