প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম

ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। তাঁরা উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ