
দেশের জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। আগের আসরগুলোর ধারাবাহিকতায় নতুন সিজনটিও সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নবম সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান।
অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনীর দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন মো. পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, দুই দশক আগে রান্নার প্রতিভার যথাযথ মূল্যায়ন এবং মানুষের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এ আয়োজন শুরু হয়েছিল। নবম সিজনে সেই উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে আয়োজনটির অর্জন এবং নতুন সিজনের সম্প্রচার প্রস্তুতি তুলে ধরেন অজয় কুমার কুন্ডু। অন্যদিকে, ইমতিয়াজ ফিরোজ বলেন, সেরা রাঁধুনীর মাধ্যমে গত দুই দশকে অনেক নতুন উদ্যোক্তা ও শেফ নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন। নতুন সিজন নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে সেরা রাঁধুনীর নতুন লোগো ও প্রচারমূলক কনটেন্ট উন্মোচন করা হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় নিবন্ধন কার্যক্রম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিবন্ধন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত
সেরা রাঁধুনী সিজন ৯-এ অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর। কমপক্ষে ১৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের জন্য নিজের তৈরি রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর দিতে হবে।
অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.sheraradhuni.com ওয়েবসাইটে।
এসএমএসের মাধ্যমে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম লিখে ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে পাঠাতে হবে।
তবে সেরা রাঁধুনী সিজন ৮-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা নবম সিজনে নিবন্ধন করতে পারবেন না।
যেভাবে বাছাই করা হবে প্রতিযোগী
আবেদনকারীদের পাঠানো রেসিপি বিচারকদের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। নির্বাচিত রেসিপির প্রতিযোগীদের বিভাগীয় অডিশনে ডাকা হবে। সেখানে প্রতিযোগীদের নিজেদের তৈরি খাবার নিয়ে উপস্থিত হতে হবে। খাবারের মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দেশের বিভিন্ন বিভাগে অডিশন শেষে ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে খাবারের স্বাদ ও পরিবেশনার পাশাপাশি পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলিও বিবেচনায় নেওয়া হবে।
এবারের আসরে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ০৮০০০১১১৩৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে সেরা রাঁধুনীর ফেসবুক পেজে: facebook.com/SheraRadhuni।
স্বদেশ প্রতিদিন/এফএইচ