
সাংস্কৃতিক কর্মীদের অবদান অবিস্মরণীয়: এমপি শিমুল বিশ্বাস
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের স্বাধিকার আন্দোলনসহ সর্বোপরি আন্দোলন-সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের অবদান অবিস্মরণীয়। দেশের কৃষ্টি-কালচার টিকে থাকবে তখনই, যখন দেশে সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা হবে এবং সেই পরিবেশ পাওয়া যাবে।
১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা-২০২৬ অভিষেক অনুষ্ঠানে জোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের এই জনপদ সংস্কৃতির একটি মেলবন্ধন, যেখানে সব ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ ভেদাভেদ ভুলে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছেন। সেই বন্ধন অটুট রাখতে সংস্কৃতিকর্মী ও সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক কর্মীরা আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সকলকে প্রধান অতিথি বরণ করে নেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক লিটন ঢালী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অভিষেক অনুষ্ঠান-২০২৬ উদযাপন উপকমিটির আহ্বায়ক ও সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শিশির ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মীর ফজলুর করিম বাচ্চু।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি দীবাকর চক্রবর্তী ও আসাদুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শান্ত ও শামীম রায়হান চন্দন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ অক্ষর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ, দপ্তর সম্পাদক মারুফ সর্দার এবং কার্যকরী সদস্য আমির খসরু, ফিরোজ খন্দকার, মাহবুবুল আলম লিটন, সাইফুল ইসলাম সিমান্ত, ফজলুল হক ও মাসুদ রানা।
আলোচনা পর্ব শেষে অভিষেক অনুষ্ঠান উদযাপন উপকমিটির সদস্যসচিব ও নবনির্বাচিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদা অপ্সরার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ