প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম

জামালপুরে সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
জামালপুর জেলা পরিষদের মিলনায়তনে জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা প্রদান, বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জামালপুরের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের অর্থায়নে গৃহীত বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের অনুদানের চেক অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ