প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:০২ পিএম

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়।
অভিনেতার প্রতিনিধিরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তাঁরা গভীর শোক প্রকাশ করে আরজে মিটেকে প্রিয় অভিনেতা, মানবহিতৈষী ও প্রতিবন্ধী অধিকার নিয়ে সোচ্চার কর্মী হিসেবে উল্লেখ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে তাঁর এক প্রতিনিধির বরাতে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ ও ধরন নিয়ে তদন্ত চলছে।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজের পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আরজে মিটে। সিরিজে তিনি ওয়াল্টার হোয়াইট জুনিয়র বা ‘ফ্লিন’ চরিত্রে অভিনয় করেন। কিশোর বয়সে এই চরিত্রের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। সিরিজটিতে তাঁর চরিত্রটি ছিল প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইটের ছেলে।
বাস্তব জীবনেও সেরিব্রাল পালসি ছিল আরজে মিটের। তিন বছর বয়সে তাঁর এই শারীরিক অবস্থার বিষয়টি শনাক্ত হয়। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি ও গণমাধ্যমে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেন মিটে। তিনি মিটে ফাউন্ডেশনের সভাপতিও ছিলেন। প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্ত ও সহকর্মীরা। ‘ব্রেকিং ব্যাড’-এ তাঁর অভিনয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজের কথা স্মরণ করছেন অনেকে।
স্বদেশ প্রতিদিন/এস পি