প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায় করে ভোরে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। তারা হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর মসজিদ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা ছিটকে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যান।
প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর স্বামী-স্ত্রী দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুতে জিংলাতলীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি