প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’-এর শুটিং চলছে শেষ পর্যায়ে। সিনেমাটিতে শাহরুখের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এবার যুক্ত হচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের একটি বিশেষ গান। এতে সুহানার নাচের দক্ষতা তুলে ধরার পরিকল্পনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে সিনেমাটির শুটিংয়ে নতুন করে কাজ শুরু করেছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ১২ অক্টোবর মুম্বাইয়ের আন্ধেরি ইস্টের একটি স্টুডিওতে শাহরুখকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হয়। অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব দৃশ্যের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এরপর সুহানা খানের বিশেষ গানটির শুটিংয়ে মনোযোগ দেবেন পরিচালক। গানটির জন্য মুম্বাইয়ের ফিল্ম সিটিতে তৈরি করা হবে বিশাল সেট। এর কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন পীযূষ ভগত ও শাজিয়া সামজি।
একদিকে সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছে, অন্যদিকে একই সঙ্গে ভিজ্যুয়াল ইফেক্টসের কাজও শেষ করার চেষ্টা করছে প্রযোজনা সংস্থা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমাটির।
শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যে সুহানার বিশেষ গান নতুন আকর্ষণ যোগ করবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি