প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর অপূর্ব সাক্ষাতের গল্প নিয়ে ম্যাড থিয়েটার মঞ্চস্থ করেছে দর্শকনন্দিত প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়।
এটি ছিল নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম্যাড থিয়েটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম।
ভারত থেকে আর্জেন্টিনা অনেক দূরের দেশ। রবীন্দ্রনাথের কাছে তখন অচেনা এক পৃথিবী। অসুস্থ হয়ে তিনি পড়ে আছেন প্লাজা হোটেলে। সেখান থেকে একদিন স্বপ্নের মতো তাঁকে চলে যেতে হয় সান ইসিদ্রোতে। বিচিত্র লাল-নীল ফুলে সাজানো সুন্দর বাড়ি মিরালরিও ভিলা। বাড়ির বারান্দায় দাঁড়ালে দেখা যায় রুপালি নদী রিও দে লা প্লাতা।
রবীন্দ্রনাথ বারান্দায় রাখা চেয়ারে বসে নদী দেখেন। নদী যেন এক নারীর রহস্যময় প্রতিচ্ছবি। কে সেই নারী? কোথা থেকে আবির্ভূত হলেন সেই নিরুপমা বিদেশিনী, যার সংস্পর্শে রবীন্দ্রনাথ ব্যক্তিগত আবেগে ভেসে যাচ্ছেন, অশ্রু ও হাসিতে হয়ে পড়ছেন চঞ্চল ও উন্মনা? অসুস্থতার মধ্যেও যেন সুখের মতো এক অসুখে জর্জরিত তিনি।
রবীন্দ্রনাথ দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাঁকে আটকে রেখেছে। কী সেই পিছুটান? ‘লা হিয়া কোন্ডা দেল সুর’, যার অর্থ দক্ষিণের মোনালিসা। সবাই তাঁকে চেনে ভিক্টোরিয়া ওকাম্পো নামে।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে তখন বসন্ত ঋতু মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। প্রকৃতির এমন নাটকীয় পরিবর্তনের সময়ে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর মধ্যে ভাবের আদান-প্রদান হয়। নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। কিন্তু রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার ভাষা বুঝতেন না। তাহলে তাঁদের ভাববিনিময়ের মাধ্যম কী ছিল? সুখের মতো অসুখের দিনগুলোতে রবীন্দ্রনাথ কী ভাবতেন, কী লিখতেন? কীভাবেই বা তিনি পৌঁছেছিলেন এমন এক রহস্যময়, অজানা ভাষার দেশে?
এমনই এক অজানা সুখের গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দীপ্রাচীন সম্পর্ককে নাটকের মধ্য দিয়ে স্মরণ করেছে ম্যাড থিয়েটার।
মাত্র দুটি চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়ার ভূমিকায় সোনিয়া হাসান।
এদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘খোয়াবনামা’। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় অবয়ব নাট্যদলের নাটক ‘ফেরিওয়ালা’।
স্বদেশ প্রতিদিন/এফএইচ