প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম

দুদিন অল্প সময়ের জন্য দেখা দিয়ে আবারও আড়ালে চলে গিয়েছিল হিমালয়ের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তবে মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তর দিগন্তে দেখা মিলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। মেঘমুক্ত আকাশে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন পর্যটকেরা। মৌসুমে এই প্রথম দীর্ঘ সময় ধরে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মেলায় আনন্দে মেতেছেন অনেকে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে তেমন আগ্রহ না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে কাঞ্চনজঙ্ঘা দেখার খবর ছড়িয়ে পড়ায় তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। মঙ্গলবার সকালে উত্তর আকাশে চোখ রাখতেই কাঙ্ক্ষিত পর্বতশৃঙ্গের দেখা পান আগের দিন তেঁতুলিয়ায় আসা পর্যটকেরা। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে তাঁদের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ঢাকা থেকে আসা পর্যটক সোহাগ বলেন, ‘কয়েক বছর ধরে শুনে আসছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। তবে আমরা সোমবার তেঁতুলিয়ায় এসে পরের দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সূর্যোদয়ের পর এক ঝলক দেখা দিয়ে হারিয়ে যায়। ঘন মেঘ কিছু সময়ের জন্য ঢেকে রাখে। পরে আবারও দেখা দেয় কাঞ্চনজঙ্ঘা। এরপর থেকে সারাদিনই উপভোগ করেছি। তেঁতুলিয়ায় এসে মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা।’
কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় পর্যটকদের উপস্থিতি বাড়ছে। আকাশ মেঘলা থাকায় যাঁরা পর্বতশৃঙ্গের দেখা পাননি, তাঁরা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থান। মঙ্গলবার কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে আনন্দিত পর্যটকেরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।’
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। তাঁদের অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি