প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম

ভারতের দিল্লিতে বিক্ষোভ চলার মধ্যেই চেন্নাই সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত রোড শোতেও অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী।
সকাল ১১টার মধ্যে বিমানবন্দরে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শো করেন তিনি। এ সময় বিমানবন্দরের কাছে ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে থাকা বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মোদি।
তার গাড়িবহর বিমানবন্দর ছাড়ার সময় রাস্তার দুই পাশে অপেক্ষমাণ বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। তাদের কণ্ঠে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এ উপলক্ষে বিমানবন্দরের কাছাকাছি সড়কের পাশে নির্ধারিত স্থানে ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।
পরে মোদির গাড়িবহর চেন্নাই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের স্থানের দিকে রওনা হয়। সেখানে তিনি চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং একই ট্রেনে ভ্রমণ করেন।
উদ্বোধন করা নতুন অংশে রয়েছে ১১টি উড়াল মেট্রো স্টেশন। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই পথে নতুন করে মেট্রো পরিষেবা চালু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি