প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম

ফারাক্কা চুক্তি নবায়ন করে তাতে গ্যারান্টি ক্লজ যুক্ত করা এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর কাঠের সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তিটি নবায়ন করবে এবং বাংলাদেশের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানির হিস্যা ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করবে। এর মাধ্যমে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে নানা বিতর্ক ছিল। গ্যারান্টি ক্লজ যুক্ত করে ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে এসব বিতর্কের অবসান ঘটবে বলে তিনি মনে করেন।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০৩ কোটি টাকায় করতোয়া সেতু নির্মাণ
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর কাঠের সেতুর স্থলে প্রায় ২০৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান। এ সময় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসব লিফলেটে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি