প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:০৯ AM

ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন।
গ্রেপ্তার আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত আতর আলীর ছেলে এবং হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি একই এলাকার আইন উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে কাজ করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশায় করে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
পরে তাকে আল আমিনের বসতঘরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নির্যাতনের পর বিষয়টি কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ৫ অক্টোবর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এরপর ভুক্তভোগী ভালুকা মডেল থানায় গিয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহিদুল আলম জানান, মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক আছে। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এস পি