প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নোবেল কমিটি জানায়, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য ফ্রান্সিস হ্যালজেনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়।
চলতি সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান—পুরস্কার যে কোনোভাবে দেওয়া হলেও অর্থমূল্য একই থাকবে।
এর আগে ২০২৫ সালে সাবঅ্যাটমিক কণার অদ্ভুত আচরণ ‘কোয়ান্টাম টানেলিং’ নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পান। তাদের গবেষণার ফলে এমআরআই যন্ত্রে অত্যন্ত সংবেদনশীল পরিমাপ সম্ভব হয়েছে এবং উন্নত মোবাইল ফোন ও আরও দ্রুতগতির কম্পিউটার তৈরির ভিত্তি তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি