প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে সকালে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় বিজিবি।
আটকরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাত বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন পালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এস পি