প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বগির সংযোগ হুক ভেঙে ‘ন’ ও ‘ত’ বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনের চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ের কর্মীরা মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি