
বাংলাদেশের বাজারে নতুন দুটি এনার্জি গাড়ি উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। মডেল দুটি হলো ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ পিএইচইভি এবং সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভি। নতুন দুই মডেলের মাধ্যমে দেশে এমজির নিউ এনার্জি গাড়ির লাইনআপ আরও বিস্তৃত হলো।
উন্মোচন অনুষ্ঠানে প্রথমে আত্মপ্রকাশ করে এমজি এস৯ পিএইচইভি। পারিবারিক ব্যবহার ও দীর্ঘদূরত্বের ভ্রমণকে সামনে রেখে তৈরি এই গাড়িতে রয়েছে তিন সারির প্রশস্ত কেবিন। ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, একটি বৈদ্যুতিক মোটর এবং ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারির সমন্বয়ে তৈরি গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি বৈদ্যুতিক ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। পূর্ণ চার্জ ও জ্বালানি ট্যাংক নিয়ে গাড়িটির মোট ড্রাইভিং সক্ষমতা ১ হাজার কিলোমিটারের বেশি বলে জানিয়েছে এমজি।
৪ হাজার ৯৮৩ মিলিমিটার দীর্ঘ এবং ২ হাজার ৯১৫ মিলিমিটার হুইলবেসের এস৯-এ তিন সারিতেই যাত্রীদের বসার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সারির আসন ভাঁজ করলে গাড়িটির লাগেজ ধারণক্ষমতা ২ হাজার ৯৩ লিটার পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে ১৯০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, প্যানোরামিক সানরুফ, ম্যাসাজ সুবিধাযুক্ত সামনের আসন, তিন-অঞ্চল জলবায়ু নিয়ন্ত্রণ এবং স্মার্ট পাওয়ার টেলগেট।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও গাড়িটিতে বেশ কিছু ফিচার রয়েছে। এতে দুটি ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, তারবিহীন অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, তারবিহীন স্মার্টফোন চার্জিং এবং ১২ স্পিকারের বোস অডিও সিস্টেম রয়েছে।
নিরাপত্তার জন্য এস৯ পিএইচইভিতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপিং অ্যাসিস্ট, ব্লাইন্ড-স্পট ডিটেকশন, রিয়ার ক্রস-ট্রাফিক অ্যালার্ট এবং ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা রাখা হয়েছে।
অন্যদিকে, অনুষ্ঠানে উন্মোচিত হয় সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভি। গাড়িটিতে রয়েছে ৭৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ১৮০ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর এবং ৩৫০ নিউটন-মিটার টর্ক। ডব্লিউএলটিপি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে গাড়িটির সর্বোচ্চ বৈদ্যুতিক ড্রাইভিং রেঞ্জ ৫৩০ কিলোমিটার।
বাংলাদেশের বাজারে প্রথম ১০০টি ইউনিটের জন্য এমজি এস৯ পিএইচইভির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। পরবর্তী ইউনিটের মূল্য ৬৪ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে, এস৬ ইভির প্রথম ১০০ ইউনিটের প্রারম্ভিক মূল্য ৫৩ লাখ ৯০ হাজার টাকা এবং পরবর্তী ইউনিটের মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা।
দুটি গাড়ির সঙ্গেই দুটি ১১ কিলোওয়াটের হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি উভয় মডেলের সঙ্গে রয়েছে আট বছরের ওয়ারেন্টি।
এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, এস৯ পিএইচইভি দৈনন্দিন বৈদ্যুতিক ড্রাইভিংয়ের সুবিধার পাশাপাশি দীর্ঘযাত্রায় পেট্রল ইঞ্জিনের নমনীয়তা দেবে। অন্যদিকে, এস৬ ইভি দীর্ঘ রেঞ্জের সম্পূর্ণ বৈদ্যুতিক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দেবে।
উন্মোচনের পর গাড়ি দুটি এখন এমজির শোরুমে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি