প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম

ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনেও প্রচার করা হয়েছে।
গালিবাফ বলেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।’ ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে ওই অঞ্চলের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের তেল রপ্তানি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের কারণে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কিছুটা বাড়লেও তা যুদ্ধের আগের সময়ের তুলনায় কম রয়েছে।
হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে ইরান কিছু শর্ত দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের শর্ত পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কিছু প্রস্তাব তুলে ধরবে। তেহরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
এদিকে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এটি ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক তেলবাজারেও প্রভাব ফেলছে। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে বিঘ্নের আশঙ্কায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি