প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পিএম

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে পরিচালিত অভিযানে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন এবং চোরাই মোটরসাইকেল কেনার অভিযোগে মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত চিরিরবন্দর এলাকার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড়, ফাইলেরিয়া হাসপাতালের পাশের এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে থানা পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ পিছপা হবে না।
তিনি আরও জানান, উদ্ধার করা মোটরসাইকেল ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এ অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি