প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম

দারুণ সময় পার করছেন অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয়ের পর মুম্বাইয়ের মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ (৩৩২.৬ মিলিয়ন) টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এই অভিনেতা। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর দেখা সম্পত্তি নিবন্ধনের নথিপত্র অনুযায়ী, অভিনেতা অ্যাপার্টমেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে কিনেছেন।
অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য আয়তন ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা যুক্ত হয়ে মোট আয়তন দাঁড়িয়েছে ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুটে। নথিপত্র অনুযায়ী, এই সম্পত্তির সঙ্গে তিনটি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
এই কেনাকাটার জন্য মোটা অঙ্কের স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর হাতে আসা নথিপত্র থেকে জানা যায়, এই লেনদেনের ক্ষেত্রে ১ কোটি ৯৯ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা নিবন্ধন ফি দিতে হয়েছে।
দক্ষিণ মুম্বাইয়ে আরব সাগরের তীর ঘেঁষে অবস্থিত মালাবার হিল অন্যতম অভিজাত ও কাঙ্ক্ষিত আবাসিক এলাকা। এলাকাটি বিলাসবহুল বাসভবন, সবুজ প্রকৃতি এবং গুরুত্বপূর্ণ অবস্থানের জন্য পরিচিত। আরব সাগরের তীরে অবস্থিত এই এলাকাটি নেপিয়ান সি রোড, ওয়াকেশ্বর রোড ও পেডার রোডের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জীবনযাত্রার কেন্দ্রগুলোর সঙ্গে সংযুক্ত। এখান থেকে মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবাতেও সহজে যাতায়াত করা যায়।
কয়েক দশকব্যাপী কর্মজীবনে বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করে অক্ষয় খান্না নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রবীণ অভিনেতা বিনোদ খান্নার পুত্র। খান্না ‘হুলচল’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘দৃশ্যম’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তাঁর বলিষ্ঠ অভিনয়, তীক্ষ্ণ সংলাপ প্রদান এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। ‘ধুরন্ধর’-এর রহমান ডাকাইতের চরিত্রটিও সিনেমার অন্যতম আলোচিত অভিনয়ে পরিণত হয়েছে। এছাড়া তিনি ‘ছাওয়া’ সিনেমায় ভিকি কৌশলের বিপরীতে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ