
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। পর্দায় তাঁর অভিনয়, ব্যক্তিজীবন কিংবা গ্ল্যামার—সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল রয়েছে। তবে তাঁর জীবন ও ক্যারিয়ারের এমন কিছু তথ্য রয়েছে, যেগুলো অনেকেরই অজানা।
পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে। চলচ্চিত্র পরিবারে বেড়ে উঠলেও মাত্র ১৯ বছর বয়সে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন আলিয়া। ‘উড়তা পাঞ্জাব’-এ মাদকাসক্ত তরুণীর চরিত্র এবং ‘রাজি’ সিনেমায় কাশ্মীরি গুপ্তচরের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় গঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান আলিয়া।
অভিনয়ের পাশাপাশি ‘ডার্লিংস’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। একই বছর তাঁদের কন্যাসন্তান রাহার জন্ম হয়।
ব্রিটিশ নাগরিকত্ব
আলিয়ার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে হলেও তাঁর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তাঁর মা সোনি রাজদানের ব্রিটিশ পরিচয়ের কারণে আলিয়া ব্রিটিশ পাসপোর্টের অধিকারী—এমন তথ্য বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছয় বছর বয়সেই অভিনয়ে
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’কে আলিয়ার প্রথম সিনেমা হিসেবে অনেকে জানলেও, শিশুশিল্পী হিসেবে আরও আগেই পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সংঘর্ষ’ সিনেমায় মাত্র ছয় বছর বয়সে অভিনয় করেন আলিয়া। সেখানে প্রীতি জিন্টার অভিনীত চরিত্রের ছোটবেলার ভূমিকায় দেখা যায় তাঁকে।
৪০০ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ শানায়া চরিত্রে অভিনয়ের জন্য করণ জোহর প্রায় ৪০০ জন প্রার্থীর অডিশন নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিযোগিতায় নির্বাচিত হন আলিয়া। সিনেমাটির জন্য অল্প সময়ের মধ্যে তাঁকে ওজনও কমাতে হয়েছিল।
অন্ধকারে ভয়
অভিনয়ের বাইরেও আলিয়ার রয়েছে নানা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। অন্ধকার ঘরের প্রতি তাঁর ভয় রয়েছে বলে বিভিন্ন সময়ের প্রতিবেদনে উঠে এসেছে। সুগন্ধির ক্ষেত্রেও তাঁর পছন্দ কিছুটা আলাদা। নারীদের মিষ্টি বা ফলের মতো সুগন্ধির চেয়ে পুরুষদের ভারী পারফিউম তাঁর বেশি পছন্দ।
খাবারের মধ্যে পোহা ও ছাছ বা বাটার মিল্কও তাঁর পছন্দের তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চারকোল পেইন্টিং ও গান
অভিনয়ের পাশাপাশি ছবি আঁকতেও পছন্দ করেন আলিয়া। অবসর সময়ে চারকোল পেইন্টিং করেন তিনি। সংগীতেও রয়েছে তাঁর আগ্রহ। সংগীতের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজের অভিনীত কয়েকটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ নতুন লুক
এদিকে সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও আলোচনায় রয়েছেন আলিয়া। সম্প্রতি সিনেমাটিতে নিজের নতুন লুক প্রকাশ করেছেন তিনি। প্রকাশিত পোস্টারগুলোতে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। মাথায় পালকের হেডড্রেস, ক্রপ টপ, থাই-হাই স্লিটের স্কার্ট ও বুটে ক্যাবারে শোর আবহ তৈরি করা হয়েছে তাঁর সাজে।
আলিয়ার এই লুকের প্রশংসা করেছেন অভিনেত্রী জিনাত আমান। ইনস্টাগ্রামে মন্তব্য করে তিনি আলিয়ার নতুন অবতারকে প্রশংসা করেন। জবাবে আলিয়া জানান, শুটিং সেটে বহুবার জিনাত আমানকে নিয়ে কথা হয়েছে। তাই তাঁর কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আলিয়ার কাছে বিশেষ কিছু।
আলিয়ার ‘আলফা’ সিনেমার সহশিল্পী শর্বরীও তাঁর নতুন লুককে ‘আইকনিক’ বলে মন্তব্য করেছেন। রণবীরের মা নীতু কাপুরসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে প্রকাশ করা হয় রণবীর কাপুরের প্রথম লুক। ভিনটেজ নীল গাড়িতে সাদা টি-শার্ট ও সানগ্লাসে দেখা যায় তাঁকে। পোস্টারে তাঁর এক হাত রক্তে ভেজা অবস্থায় দেখা গেছে।
যুদ্ধের আবহে প্রেমের গল্প
‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবির প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির গল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে এটিকে যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রেমের গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফাঁস হওয়া কিছু লুক থেকে ধারণা করা হচ্ছে, রণবীর ও ভিকি সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।
২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এই ছবির মাধ্যমে প্রথমবার একই সিনেমায় সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর, আলিয়া ও ভিকি।
রণবীর এর আগে ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ সিনেমায় বানসালির সঙ্গে কাজ করেছিলেন। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আলিয়াও আবার বানসালির সঙ্গে কাজ করছেন। রণবীর ও ভিকি ‘সঞ্জু’ এবং আলিয়া ও ভিকি ‘রাজি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। রণবীর-আলিয়া জুটিকে এর আগে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ সিনেমায় দেখা গেছে। এবার তিন তারকাকে একসঙ্গে পর্দায় হাজির করছেন বানসালি।
স্বদেশ প্রতিদিন/এস পি